দুই মামলায় আগাম জামিন চেয়ে চিত্রনায়ক রিয়াজের করা আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট। আবেদন দুটি কার্যতালিকা থেকে ‘ডিলিট’ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন চিত্রনায়ক রিয়াজ। আজকের আদালতের কার্যতালিকায় আবেদন দুটি যথাক্রমে ২০ ও ২১ নম্বর ক্রমিকে ছিল।

আদালতে রিয়াজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুরুল আলম সুজন।
রাষ্ট্রপক্ষের এই আইন কর্মকর্তা জানান, যাত্রাবাড়ী ও শাহবাগ থানার পৃথক দুই মামলায় রিয়াজের করা আগাম জামিনের আবেদন আদালত মঞ্জুর করেননি। বরং আবেদন দুটি ফেরত দিয়ে কার্যতালিকা থেকে ‘ডিলিট’ করে দেওয়া হয়েছে।
আদালতে চিত্রনায়ক রিয়াজ উপস্থিত ছিলেন বলেও জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল।